চোখ(Eyes) দিয়ে কি COVID-19 সংক্রমন ঘটতে পারে? কি বলছে বৈজ্ঞানিক গবেষণা?

ডিসেম্বরে চীনে প্রথম কোভিড-১৯ ( COVID-19) সংক্রমন ধরা পড়ার পরে অনেক মাস কেটে গেছে। কিন্তু ভাইরাসটির চরিত্র আর আচরন পুরোপুরি বুঝে উঠতে সক্ষম হন নি বিজ্ঞানীরা এখনো। যদ্দুর জানা গেছে তাতে দেখা যায়,সংক্রামিত ব্যক্তির কাশি বা হাঁচির ফলে নির্গত ফোঁটাগুলো আপনার নাক বা মুখে প্রবেশ করে সংক্রমন ঘটায়। সেই কারনে নাক-মুখে মাস্ক ব্যাবহারের দিকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এরপরেও প্রশ্ন জাগে,ভাইরাস যদি আপনার চোখে পড়ে তবে আপনি কি অসুস্থ হয়ে উঠতে পারেন? 

 

একটি ঘটনা উল্লেখ করা যায়।এনবিসি নিউজের সহযোগী ও পিএইচডি ভাইরাসবিদ জোসেফ ফেয়ার (Joseph Fair) জনাকীর্ণ বিমানে উড়ে এসে যখন কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন তখন তার মনে সন্দেহ জাগে। তিনি মুখোশ পড়ে ও গ্লাভসে হাতও ঢেকে সফর করেছেন, তবে বিমানের পরিচারকরা মুখোশ পড়া ছিল না। তাহলে কি অরক্ষিত ও খোলা চোখ দিয়েই করোনাভাইরাস শরীরে ঢুকে সংক্রমন ঘটিয়েছিল? তিনি সাক্ষাতকারে বলেছিলেন, "এটি আমার সেরা অনুমান, ভাইরাস চোখের পথ দিয়ে ঢুকে থাকতে পারে ।" লোকেদের চোখে সুরক্ষা পরিধান করা উচিত কিনা জানতে চাইলে ফেয়ার উত্তর দিয়েছিলেন, "আমার মতে, হ্যাঁ।" 

ফেয়ারের দাবি অনেক বিজ্ঞানী এখনো মানতে চান না। সার্স-কোভ-২ (SARS-CoV-2) ভাইরাসটি সম্পর্কে এখনো এমন অনেক তথ্য জানা বাকি আছে যে চোখের মাধ্যমে তার সংক্রমন ঘটতে পারে কিনা তা গবেষণা না করে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু গবেষণা ফেয়ারের সন্দেহকেই সত্য হবার দিকে ইঙ্গিত করতে চাইছে। কারন, চোখের মাধ্যমে করোনা সংক্রমন 'জৈবিকভাবে ' সম্ভব। বাল্টিমোরের জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের চক্ষুবিজ্ঞান গবেষক ও চক্ষুবিজ্ঞানের অধ্যাপক এলিয়া ডু'র গবেষণা সেদিকেই ইঙ্গিত দিতে আরম্ভ করেছে। চোখের সাদা অংশ ও চোখের পাতার ভেতরের অংশের ওপরে পরিষ্কার (Transparent) পাতলা পর্দা থাকে, একে বলা হয় কনজাঙ্গটিভা (Conjunctiva)। দেখা গেছে, এটি অন্যান্য ভাইরাস যেমন সাধারন সর্দি সৃষ্টিকারী অ্যাডিনোভাইরাস ও হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্ধারা সংক্রামিত হতে পারে। তাহলে SARS-CoV-2 ভাইরাসটি ব্যাতিক্রম হতে যাবে কেন? 

চোখ দিয়ে সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমনের সম্ভাবনা থেকেই যায়। যদি কোনো সংক্রমিত ব্যাক্তি হাঁচি বা কাশি দেয় তাহলে চোখ কিন্তু নির্গত ড্রপলেটের কাছে সরাসরি উন্মুক্ত থাকে, ঠিক যেমন নাসিকা পথ উন্মুক্ত থাকে। তাছাড়া আমরা প্রায়ঃশই হাত দিয়ে চোখ রগরিয়ে ও স্পর্শ করে নিই বলে চোখ থেকে হাতে লাগা ভাইরাস নাক-মুখ দিয়ে ভেতরে ঢুকে যেতেও পারে। তাই এভাবেও সংক্রমন ছড়াতে পারে। SARS-CoV-2 চোখকে সংক্রামিত করতে পারে কিনা তা অধ্যয়নের জন্য, জন হপকিন্সের এলিয়া ডুহ (Elia Duh,MD) এবং সহ গবেষকরা চোখের পৃষ্ঠের কোষগুলিতে এমন কোনো জিনিস রয়েছে কিনা খুজে দেখেছেন যার মাধ্যমে ভাইরাস চোখে সংক্রমন ঘটাতে পারে। তাদের গবেষণায় দেখা গেল, ওই পৃষ্ঠতলের কোষগুলোর প্রত্যেকটিতেই এসিই-২ (ACE-2) রিসেপ্টর বর্তমান। এই ACE- 2 রিসেপ্টরগুলোর মাধ্যমেই SARS-CoV-2 ভাইরাস কোষে প্রবেশের ছাড়পত্র পায়। তাছাড়া আরো দেখা গেল, চোখের পৃষ্ঠতলের কোষে TMPRSS2 নামক একধরনের উৎসেচক (Enzymes) বর্তমান যারা করোনাভাইরাসটিকে কোষে ঢুকতে সাহায্য করে। 

একটি সুনির্দিষ্ট উত্তরের জন্য আরও গবেষণা করা দরকার। তবে এই সমস্ত প্রমাণ একটি সত্যের দিকে আঙুল দেখাতে চাইছে যে চোখের পৃষ্ঠতলের কোষগুলি করোনাভাইরাসটি দ্ধারা সংক্রমিত হতে পারে। মানবদেহের অশ্রু-নালিকাগুলি নাসিকা গহ্বরের সাথে সংযুক্ত থাকে। এতে করোনাভাইরাসগুলি সেই নালিকা দিয়ে শ্বাসযন্ত্রের কোষগুলিকে সংক্রামিত করতে পারে। 

চোখের পথ দিয়ে SARS-CoV-2 ভাইরাসটি মানবদেহে প্রবেশ করতে পারে কিনা এখন সেই প্রশ্ন মুলতবি রেখে অন্য একটি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করা যাক। যারা কোভিডে আক্রান্ত তাদের চোখে করোনাভাইরাসটির উপস্তিতি কিন্তু বিভিন্ন পরীক্ষায় ধরা পড়েছে। তাহলে চোখের জল বা চোখের অন্যান্য ক্ষরিত তরলের মাধ্যমেও কি সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে? ডুহ কিন্তু বলছেন সংক্রমন হতে পারে চোখের জল থেকেও। যদিও এসম্পর্কিত কোনো গবেষণা হয়েছে কিনা তা প্রকাশিত হয় নি এখনো। 

যতদিন না পর্যন্ত এই সম্পর্কে কোনো গবেষণা নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে তদ্দিন SARS-CoV-2 ভাইরাসটিকে নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। মুখে মাস্ক, হাতে গ্নাভসের পাশাপাশি চোখের সুরক্ষার দিকেও নজর দিতে হবে। ভাইরাসটিকে চেনা এখনো অনেক বাকি।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain